লাভজনক খামার গঠনে কালীগঞ্জে প্রশিক্ষণ, ৫ খামারিকে পুরস্কার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-২০, ৯:০২ PM /
লাভজনক খামার গঠনে কালীগঞ্জে প্রশিক্ষণ, ৫ খামারিকে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ২০ মে ২০২৬ এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। এতে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক খামার ব্যবস্থাপনা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌস রহমান। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, লালমনিরহাটের এরিয়া সেলস ম্যানেজার মো. নুরুজ্জামান মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক এআই এন্টারপ্রাইজের এআইএসপি আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং খামার হবে অধিক লাভজনক।

প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৫ জন খামারিকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদনে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।