
তুহিন ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিকের প্রত্যাহার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমান আলী যাদুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুষভান্ডার সাব-রেজিস্টার অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, কালীগঞ্জ থানার ওসির প্রত্যাহার এবং ইমান আলী যাদুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু এবং সদস্য হুমায়ুন কবির বাবু।
বক্তারা অভিযোগ করেন, গোড়ল ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী হিস্টিংকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীর কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন। বক্তারা অবিলম্বে রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, ওসি আবু সিদ্দিকের প্রত্যাহার এবং ইমান আলী যাদুর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

প্রতিবেদকের নাম 






