
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবভিত্তিক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাজেটে বিড়ি শিল্পে শুল্ক অপরিবর্তিত রাখায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমিক নেতারা।
বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ি শিল্প দেশের একটি প্রাচীন শ্রমঘন শিল্প। স্বাধীনতা-পরবর্তী সময়ে বিড়ি শিল্প কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল এবং এ খাতে কোনো শুল্ক আরোপ করা হয়নি। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কে বিড়ি শিল্পের জন্য স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করতেন শ্রমিকরা। তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখার ফলে এ শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
আমিন উদ্দিন বিএসসি বলেন, বর্তমানে দেশের তামাকজাত পণ্যের বাজারের বড় একটি অংশ বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেটের দখলে রয়েছে। এসব প্রতিষ্ঠানের নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধ এবং দেশীয় বিড়ি শিল্পের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর ছাড় দেওয়ার উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে। এজন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদকের নাম 







