ধসে পড়া সংযোগ সড়কে ঝুঁকিতে ৫০ হাজার মানুষ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২০, ৮:২৫ AM /
ধসে পড়া সংযোগ সড়কে ঝুঁকিতে ৫০ হাজার মানুষ

👤মোঃ রুবেল মিয়া, চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার আকালুরঘাট ব্রিজের দুটি সংযোগ সড়কের একাধিক স্থানে ধস দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত সংস্কারের দাবি উঠেছে।

জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা-মিনাবাজার এলাকার সঙ্গে জোড়গাছ বাজার ও উপজেলা সদরের যোগাযোগ সহজ করতে তিস্তা খালের ওপর আকালুরঘাট এলাকায় একটি নতুন সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২১-২২ অর্থবছরে প্রায় ৪ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬৪ মিটার দীর্ঘ সেতুটির সঙ্গে দুটি সংযোগ সড়কও নির্মাণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকেই সংযোগ সড়কে বারবার ধস দেখা দেয়। কয়েকবার মেরামত করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। সম্প্রতি টানা বৃষ্টির কারণে সড়কের অন্তত তিনটি স্থানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। ফলে পায়ে হেঁটে চলাচল সম্ভব হলেও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাধিক অংশ ধসে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, রাস্তার নিচে গাইড ওয়াল ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে পাত্রখাতা, মিনাবাজার, মন্ডলেরহাট, কাশিমবাজারসহ বিভিন্ন এলাকার মানুষ উপজেলা সদর, জোড়গাছ ও থানাহাট বাজারে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের, আহেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রবিউল আলম ও বাবু মিয়া জানান, সড়কের ধসে যাওয়া অংশগুলো এখন প্রায় মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তারা দ্রুত সংস্কারকাজ শুরু করার দাবি জানান।

অটোচালক রহিম মিয়া বলেন, জীবিকার তাগিদে দীর্ঘদিন ঝুঁকি নিয়ে এ পথে অটোরিকশা চালিয়েছি। কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।