

👤 মোসফিকা আক্তার। নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিম নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তি তার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে ১৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের চকমোক্তার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুরাদ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বজলুর রশিদের ছেলে এবং ওই এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :