বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-০৩, ৬:৩০ PM / ০
বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাফিন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাফিন বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের সাখাওয়াত হোসেন মিঠুর ছোট ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় শাফিন। এতে তার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জের আভিসিনা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে শাফিনকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও দুই দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা জানান, ডেঙ্গুর জটিলতায় তার লিভারে সমস্যা দেখা দিয়েছে। পরে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

নিহতের চাচা শাহাদত হোসেন জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অ্যাম্বুলেন্সে করে শাফিনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। ঢাকার কয়েকটি হাসপাতালে শয্যা না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

শাহাদত হোসেনের ভাষ্য, শুক্রবার ফজরের নামাজের পর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাফিনের মৃত্যু হয়। শাফিনের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।