

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মো. খতিবর রহমান বাবু (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত খতিবর রহমান বাবু ওই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মাদক সেবন ও এর বিস্তার নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
আপনার মতামত লিখুন :