বাঘায় হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-৩১, ১:৩২ PM / ০
বাঘায় হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি | বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘা উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাবি রুমিয়া বেগমকে মারধর ও তাঁর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ঢাকার রমনা থানাধীন আদ্-দ্বীন হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজন হলেন নিহত রুমিয়ার দেবর রেন্টু (৫২) ও তাঁর ছেলে বিদ্যুৎ (২৮)। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এসআই জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

এর আগে গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে বাঘা উপজেলার কিশোরপুর কামারপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটে। এতে বড় ভাই কামাল ও তাঁর স্ত্রী রুমিয়া বেগম আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই রেন্টু, তাঁর ছেলে বিদ্যুৎ, বিউটি বেগম ও শাবানার বিরুদ্ধে কামাল ও তাঁর স্ত্রী রুমিয়া বেগমকে মারধরের অভিযোগ ওঠে। এতে রুমিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর বিকেলে রুমিয়া বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনার দিনই বিউটি বেগমকে আটক করে পুলিশ। রুমিয়ার মৃত্যুর পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন আদালতকে অবহিত করে প্রয়োজনীয় পত্র দাখিল করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিল। এর ধারাবাহিকতায় ঢাকার রমনা এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।