রামপালে নিরাপদ অনলাইন ও সুরক্ষিত শৈশব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-০৩, ১২:১৯ PM / ০ Views
রামপালে নিরাপদ অনলাইন ও সুরক্ষিত শৈশব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে নিরাপদ অনলাইন ব্যবহার ও সুরক্ষিত শৈশব বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সমন্বয়ে এ সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মাসুদুর রহমান (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসিরুদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহানুর রহমান।

সেমিনারে ওসি মাসুদুর রহমান নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, মোবাইল ও গেম আসক্তি, মাদকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের ঝুঁকি, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সেমিনারে শিক্ষার্থীদের নিরাপদ অনলাইন পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সমস্যা মোকাবিলা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।