

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও মাহফুজুর রহমান খানসহ স্থানীয় নেতারা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সামাজিক সংহতি জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। দিবসটির ইতিহাস, তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :