

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি সুবিধাভোগীর ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ২৪ থেকে ২৫ কেজি করে। এতে প্রতিটি কার্ডে ৫ থেকে ৬ কেজি চাল কম দেওয়ার অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। এ ঘটনায় ডিলার মেসার্স নজরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাতজন সুবিধাভোগী।
সোমবার (১৬ নভেম্বর) ভুক্তভোগীদের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগে এসব অনিয়মের কথা উল্লেখ করা হয়। অভিযোগের অনুলিপি রাজশাহীর জেলা প্রশাসক ও বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছেও পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই ডিলার ও তাঁর কর্মচারীরা সরকারি চাল বিতরণে অনিয়ম করে আসছেন। নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও সেলাই করা বস্তা খুলে ওজন করে ২৪ থেকে ২৫ কেজি চাল দেওয়া হচ্ছে। সম্প্রতি সুবিধাভোগীরা ব্যক্তিগতভাবে চাল ওজন করে প্রতিটি কার্ডে ৫ থেকে ৬ কেজি কম পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, এভাবে শত শত কার্ডধারীর প্রাপ্য চাল থেকে বিপুল পরিমাণ চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। কেউ চাল কম দেওয়ার প্রতিবাদ করলে ডিলারের লোকজন অসদাচরণ করেন। এমনকি ভবিষ্যতে তাঁদের কার্ড বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
ভুক্তভোগীরা জানান, আগে চালের পরিমাণ কম দেওয়া হলেও তাঁরা বিষয়টি বুঝতে পারেননি বা প্রতিবাদ করেননি। তবে দিন দিন চাল কম দেওয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় তাঁরা বাধ্য হয়ে অভিযোগ করেছেন।
একজন সুবিধাভোগী বলেন, “আমাদের যেভাবে চাল দেওয়া হয়, সেভাবেই বাড়িতে নিয়ে যাই। কখনো ওজন করে দেখিনি। তবে হাতে নিলেই বুঝতে পারতাম কিছুটা কম আছে। আগে প্রতিবাদ করিনি, কিন্তু দিন দিন কম দেওয়ার পরিমাণ বেড়েছে। গরিব মানুষ সব জায়গাতেই কষ্টে আছে।”
অভিযোগপত্রে ভুক্তভোগীরা বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে ডিলারশিপ বাতিল এবং প্রত্যেক সুবিধাভোগীকে নির্ধারিত পরিমাণ চাল বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিলার নজরুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, কয়েকজন ভুক্তভোগী তাঁর কাছে এসে অভিযোগ জানিয়েছেন এবং লিখিত অভিযোগও দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :