চিলমারীতে নতুন নীতিমালা বাতিলের দাবিতে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০১, ৬:৩৫ PM / ১২
চিলমারীতে নতুন নীতিমালা বাতিলের দাবিতে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধি:
২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা সরকারি ব্যাংকে জমা দিয়ে আইডি কার্ড গ্রহণের পর থেকে তারা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সার ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু গত ৯ নভেম্বর খুচরা ডিলারদের ডিলারশিপ বাতিলের ঘোষণায় তারা বিপাকে পড়েছেন।

বক্তারা আরও জানান, ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কৃষকদের দোরগোড়ায় সার ও কীটনাশক পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা পালন করে আসছেন। হাজারো কৃষক তাদের ওপর নির্ভরশীল। আবার অনেক কৃষকের কাছেই ব্যবসায়ীদের বড় অঙ্কের টাকা বাকিতে রয়েছে। এমন অবস্থায় ডিলারশিপ বাতিল হলে তাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসার আশঙ্কা তৈরি হবে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজু মিয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, হাসান আলী, আশরাফুল মোল্লাসহ অন্যান্যরা।

পরে মানববন্ধন শেষে ব্যবসায়ীরা কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে একটি স্মারকলিপি জমা দেন।