শ্রীপুরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১১, ১২:২৩ PM /
শ্রীপুরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তরা দফায় দফায় নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগীরা জানান, মুলাইদ গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে মোঃ সোহেল সরকার ও মোঃ বদরুল ইসলাম বাচ্চুর ছেলে আরিফ সরকার তাদের ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ ও ঘর নির্মাণে বাধা দিলে বিবাদীপক্ষ তাদের প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই জমিতে ১৪৫ ধারা জারি করেন।

তবে অভিযোগ রয়েছে, আদালতের ১৪৫ ধারা বলবৎ থাকা সত্ত্বেও অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম বেদন ও মোঃ রফিক সরকার গোপনে প্রতিদিন ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী সোহেল সরকার ও আরিফ সরকার বলেন, “থানার প্রাথমিক নির্দেশ তারা মানেনি। এখন আদালতের ১৪৫ ধারাও তারা অমান্য করছে। বাধা দিতে গেলে আমাদের মারধর ও মাটিচাপা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ অমান্য করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের ১৪৫ ধারা ভঙ্গের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।