

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের বেলকুচিতে ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতা নিক্ষেপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে বেলকুচি উপজেলার এনায়েতপুর-সয়দাবাদ আঞ্চলিক সড়কের সদর হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. অমৃত নারায়ণ দে’র সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি নারায়ণ মালাকার, পৌর শাখার সভাপতি পলাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক পাপ্পু সাহা, সিনিয়র সহ-সভাপতি নয়ন কুমার ঘোষ, সদস্য সুদ্বীপ পোদ্দার, কৃষ্ণ কুমার ঘোষ, সুজয় কুমার ঘোষ, নন্দ রাজবংশী এবং ফারিয়ার সাধারণ সম্পাদক নিপেন্দ্র নাথ মণ্ডলসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপট অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেলকুচি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :