বেতন বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২০, ২:২৩ PM /
বেতন বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আশিকুর রহমান সবুজ, গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলের শত শত শ্রমিক। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেন দখল করে অবস্থান নেওয়ায় সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাত পর্যন্ত অবরোধ অব্যাহত থাকায় যাত্রী, পরিবহন শ্রমিক এবং পণ্যবাহী যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, মে মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও জুন মাস শেষ হওয়ার পথে থাকলেও তারা এখনো সেই বেতন পাননি।

শ্রমিকদের দাবি, বেতন না পাওয়ায় তারা তীব্র আর্থিক সংকটে পড়েছেন। লাইলী বেগম নামে এক শ্রমিক বলেন, “দোকানে বাকি বন্ধ হয়ে গেছে, বাসাভাড়া দিতে পারছি না। পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা কাজ করছেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাত পৌনে ১২টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মালিকপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় শ্রমিকরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।