

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ময়নার খামার যুব সংঘের উদ্যোগে এবং স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকাল ১১টায় ময়নার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম শুরু হয়। এতে রাণীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শ মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এম এইচ মুকুল মন্ডল, কার্যনির্বাহী সদস্য আশিক ইকবাল ইশাত, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা।
সেবা গ্রহণকারীরা জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য উপকারী। বিশেষ করে অসচ্ছল পরিবারের সদস্যদের বিনা খরচে এ সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্তদাতা খুঁজে পেতেও সুবিধা হয়।
আয়োজক ময়নার খামার যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :