

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মিজানুর রহমান মিজান (৩৫) রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় তাকে ইতোমধ্যে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আটক অপর ব্যক্তি মশিউর রহমান (২০)।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারহাট এলাকায় সন্দেহজনক অবস্থায় মিজানুর রহমান মিজান ও মশিউর রহমানকে আটক করেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। এরপর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
আটক মিজানুর রহমান মিজান ও মশিউর রহমান উপজেলার মাদারহাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, মিজানুর রহমান মিজান রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস বলেন, “সে যদি আমাদের দলের সঙ্গে যুক্ত থাকে এবং এ ধরনের কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তাহলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, মিজানুর রহমান মিজানকে ইতোমধ্যে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠাই। পরে সেখান থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের আদালতে পাঠানো হবে।”
আপনার মতামত লিখুন :