

মোঃ ফরহাদ হোসেন | হাতীবান্ধা, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিবাদের জেরে বহিরাগত লোক এনে সংঘর্ষের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ ছালাবেচাটারী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মনছের আলীর তিন পুত্র—আবু বক্কর, আজিজার রহমান এবং মতিয়ার রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠক আয়োজনের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে আজিজার রহমান পার্শ্ববর্তী জলঢাকা উপজেলা থেকে লোক এনে জমিতে আইল বসাতে বাধা দেন, যা নিয়ে আবু বক্করের মেয়ে আশিকা নুপুর ও তার ভাই আরিফ হোসেন আলীর উপর হামলা চালানো হয়।
এ ঘটনায় আহত আশিকা নুপুর ও আরিফ হোসেন আলীকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশিকা নুপুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলার বিষয়টি বহিরাগতরা অস্বীকার করে জানায়, তারা সালিশ বৈঠকের জন্য আজিজার রহমানের বাড়িতে এসেছিলেন এবং উল্টো তাদের উপর হামলা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :