

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে ঝিনাইদহের দুই যুবক রয়েছেন। নিহতরা হলেন নাইমুর রহমান জিহাদ (২১) ও নাঈম (২২)।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলী বকসের ছেলে এবং নাঈম একই উপজেলার পোতাহাটী গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জিহাদ ও নাঈমসহ ৮ বন্ধু ঘুরতে কক্সবাজারে গিয়েছিলেন। দুর্ঘটনায় তাদের আরও চার বন্ধু গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, নাঈম ছিলেন হাস্যোজ্জ্বল স্বভাবের যুবক। আর জিহাদ কিছুদিন আগে বিজিবিতে চাকরি নিয়েছিলেন, পরে ট্রেনিংয়ের কষ্টের কারণে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :