রাজাপুরে মুজিব কেল্লায় চুরি, উধাও ১৪ ফ্যান-১০ লাইট


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-০৯, ৭:৫৫ PM /
রাজাপুরে মুজিব কেল্লায় চুরি, উধাও ১৪ ফ্যান-১০ লাইট

নবীন মাহমুদ,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকার মুজিব কেল্লা থেকে ১৪টি ফ্যান, ১০টি লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী দুর্যোগ পুনর্বাসন কেন্দ্রটির দরজা-জানালা খোলা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, বিভিন্ন কক্ষ থেকে ফ্যান ও লাইট খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কেন্দ্রটিতে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মিত তদারকির অভাব রয়েছে। রাতের বেলায় সেখানে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের আনাগোনা দেখা যায় বলেও দাবি করেন তারা। স্থানীয়দের ধারণা, এ ঘটনার সঙ্গে ওই চক্রের কেউ জড়িত থাকতে পারে।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের আশ্রয়ের জন্য নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বড় কৈবর্তখালীর গ্রাম পুলিশ সদস্য মেহেদী মৃধা জানান, “ভবনটির দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-এর অধীনে। ঘটনা জানার পর ছবি ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।