

সৈকত আহমেদ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
মাদকাসক্ত সন্তানকে মাদক সেবন থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক বছরের কারাদণ্ড চেয়েছিলেন বাবা। তবে আদালত ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। একই অভিযানে আরও তিন মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার যুবককে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার শিবপুর এলাকার আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দা এলাকার জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬), আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়া এলাকার জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)।
সোহানের বাবা আব্দুল আলীম জানান, তার ছেলে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে ছেলে তার ভ্যানের ব্যাটারি বিক্রি করে দিয়েছে। ঘরের হাঁড়ি-পাতিলসহ হাতের কাছে বিক্রিযোগ্য বিভিন্ন জিনিসও সে বিক্রি করে নেশা করে।
তিনি আরও জানান, ছেলেকে বাধা দিলে বাবা-মাকে মারধর করে। ছেলেকে মাদক থেকে ফেরাতে এবং তার নির্যাতন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক বছরের কারাদণ্ড চেয়েছিলেন তিনি। তবে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ সময় আব্দুল আলীম এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে ছয় মাস, একজনকে তিন মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :