নড়াইলের কালিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-২২, ২:০৮ PM / ০
নড়াইলের কালিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় ফেসবুক পেজ খুলে বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) ও হেলাল উদ্দিন কাজী (৪২)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় আরও ১০ জনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ বলে জানা গেছে। তাঁরা পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ একটি চক্র ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে পণ্য সরবরাহ এবং চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিত।

চক্রটি ‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘উইন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে। এসব পেজে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও চাকরির প্রস্তাব দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হতো বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে টাকা ক্যাশ আউটের কাজে সহযোগিতা করতেন। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়েও বেশি অর্থ সজল শেখের কাছ থেকে নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও ১০ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনলাইনে পণ্য কেনাকাটা বা চাকরির আবেদনের ক্ষেত্রে অপরিচিত পেজের বিজ্ঞাপন দেখে অগ্রিম টাকা পাঠানোর আগে বিক্রেতা বা প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।