নড়াইলে চার দিন আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১৩, ৯:৪৮ AM / ০
নড়াইলে চার দিন আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় চার দিন আটকে রেখে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর পারিবারিক কলহের জেরে বিকেলে নিজ বাড়ি থেকে বের হন ওই তরুণী। সঙ্গে টাকা না থাকায় বাড়ির সামনের সড়ক থেকে বড় ভাইয়ের বন্ধু সাব্বিরকে ফোন করে নিজের সমস্যার কথা জানান তিনি। পরে সাব্বির কৌশলে তাঁকে একই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বন্ধু বিপ্লবের ফাঁকা বাড়িতে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, ওই বাড়িতে সেদিন রাতে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন সাব্বির। পরদিন (৫ নভেম্বর) রাতে সাব্বির ও বিপ্লব তাঁকে পাশের একটি গ্রামের আরেক বন্ধু নূরনবির বাড়িতে রেখে আসেন। সেখানে নূরনবিও তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাঁকে নূরনবির বাড়ি থেকে আবার বিপ্লবের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আটকে রেখে ৬ নভেম্বর রাতে বিপ্লবও তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে সুযোগ পেয়ে ওই তরুণী মুঠোফোনে ঘটনাটি তাঁর ভাইকে জানান। এরপর ৭ নভেম্বর ভোরে অভিযুক্তরা তাঁকে একই উপজেলার অন্য একটি এলাকায় নিয়ে যান। সেখান থেকে ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সাব্বির ছিলেন তরুণীর বড় ভাইয়ের বন্ধু। সেই সুবাদে তাঁদের পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তিনি মাঝেমধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন এবং তরুণীর খোঁজখবর নিতেন। এ কারণেই বিপদে পড়ে সেদিন সাব্বিরকে ফোন করেছিলেন ওই তরুণী।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত মঙ্গলবার দুপুরে নড়াইল সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মধ্যরাতে অপর আসামি নূরনবিকেও গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে এক নম্বর আসামি সাব্বিরকে এবং মধ্যরাতে তিন নম্বর আসামি নূরনবিকে গ্রেপ্তার করা হয়েছে। নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি বিপ্লব পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।