

মোসফিকা আক্তার, নওগাঁ
নওগাঁ সদর উপজেলার চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় সড়কের ওপর বালি ও পাথর ফেলে বায়ুদূষণের ঝুঁকি তৈরির দায়ে এক নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী (বালি ও পাথর) সড়কের ওপর ফেলে রাখা হয়েছে এবং সেগুলো যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। এর ফলে আশপাশে ধুলাবালির সৃষ্টি হয়ে বায়ুদূষণের ঝুঁকি তৈরি হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদেরও নির্মাণসামগ্রী সঠিকভাবে সংরক্ষণ ও ঢেকে রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।
অভিযান শেষে মো. নাজমুল হোসাইন বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি নির্মাণকাজে সংশ্লিষ্ট সবাইকে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ ও আইন মেনে চলার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :