

মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম মনি নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম মনি’র বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত একটি পুরোনো ঘরের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগমকে আটক করা হয়। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী।
পুলিশের দাবি, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করছে। মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :