কালীগঞ্জে ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১৫, ১১:৫৮ AM / ০
কালীগঞ্জে ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির কালীগঞ্জ প্রতিনিধি আল আমিন বাবুর উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

জনবাণীর কালীগঞ্জ প্রতিনিধি তৌফিক জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ডা. হাসান আব্দুল মালেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ বাবু, সদস্য হুমায়ুন কবীর বাবু, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূর আলমগীর অনু, ড. হাসানুজ্জামান জুয়েল, পত্রিকাটির কালীগঞ্জ প্রতিনিধি আল আমিন বাবু এবং সাংবাদিক বোরহান উদ্দিন ও ফিরোজ।

বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ২৮ বছর ধরে ভোরের চেতনা পত্রিকার পথচলা গণমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। আগামী দিনেও পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভোরের চেতনা পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে আগামী দিনগুলোতে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে পত্রিকাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।