খেজুর গাছ পরিচর্যা শেষে রস সংগ্রহের প্রস্তুতি, শীতের অপেক্ষায় বাঘার গাছিরা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১৪, ১১:৪০ AM / ০
খেজুর গাছ পরিচর্যা শেষে রস সংগ্রহের প্রস্তুতি, শীতের অপেক্ষায় বাঘার গাছিরা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

শীতের আগমনী বার্তার সঙ্গে রাজশাহীর বাঘা উপজেলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। ইতোমধ্যে অনেক এলাকায় খেজুর গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন গাছিরা। এখন অপেক্ষা রস সংগ্রহের। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েক দিনের মধ্যেই গাছ থেকে নামানো হবে সুস্বাদু খেজুরের রস। সেই রস জ্বাল দিয়ে তৈরি হবে ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও পাটালি।

বাঘা উপজেলা দীর্ঘদিন ধরেই খেজুরের গুড়ের জন্য সুপরিচিত। এখানকার খাঁটি খেজুরের গুড় ও পাটালির চাহিদা রয়েছে স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায়। শীত মৌসুমে খেজুরের রস ও গুড়কে কেন্দ্র করে গ্রামীণ জনপদে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় গাছিরা জানান, শীত মৌসুম সামনে রেখে খেজুর গাছের শুকনো ডালপালা পরিষ্কার, গাছের মাথা প্রস্তুত এবং নির্দিষ্ট অংশ চেঁছে রস সংগ্রহের উপযোগী করা হচ্ছে। পর্যায়ক্রমে গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে শুরু হবে রস সংগ্রহ। সাধারণত সন্ধ্যায় গাছে হাঁড়ি বাঁধা হয়। ভোরে সেই হাঁড়ি নামিয়ে সংগ্রহ করা হয় মিষ্টি খেজুরের রস।

আড়ানী পৌর বাজারের এক কুমার বলেন, শীত মৌসুমে তাঁদের হাঁড়ির ব্যবসা কিছুটা বাড়ে। কারণ, এলাকার গাছিরা রস সংগ্রহের জন্য মাটির হাঁড়ি ব্যবহার করেন। তবে বর্তমানে মাটির তৈরি সরঞ্জামের চাহিদা কমে গেছে। তিনি বলেন, শীত মৌসুমে শুধু হাঁড়ির ব্যবসা কিছুটা ভালো হলেও বছরের বাকি সময়ে পাটের ব্যবসাই বেশি চলে।

খেজুরের রস সংগ্রহ থেকে গুড় তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করেন গাছি ও গুড় প্রস্তুতকারীরা। সংগৃহীত রস বড় কড়াইয়ে জ্বাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু খেজুরের গুড়। পাশাপাশি তৈরি হয় বিভিন্ন আকৃতির পাটালি। শীতের পিঠাপুলি, পায়েসসহ নানা মুখরোচক খাবার তৈরিতে খেজুরের গুড়ের ব্যবহার গ্রামবাংলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

তবে সময়ের সঙ্গে খেজুর গাছের সংখ্যা ও পেশাদার গাছির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের মতে, খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণ এবং গাছিদের উৎসাহিত করা প্রয়োজন।

বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় খেজুর গাছের সংখ্যা ছিল ১ লাখ ৫৭ হাজার ৯৫০টি। ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেজুর গাছের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৫০টি। উপজেলায় খেজুর গাছের আবাদ রয়েছে ৭৮ হেক্টর জমিতে। এ পেশা ও চাষাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন ৬ হাজার ৬০ জন চাষি।

অন্যদিকে, বাঘার খেজুরের গুড়ের সুনাম নষ্ট করছে কিছু অসাধু ব্যবসায়ীর ভেজাল গুড় তৈরির প্রবণতা। স্থানীয়দের অভিযোগ, খেজুরের রস সংগ্রহের মৌসুম শুরু হওয়ার আগেই কিছু কারখানায় গুড় তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এ পরিস্থিতিতে ইতোমধ্যে আড়ানী পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

ভেজাল গুড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় উদ্যোক্তারাও। এ বিষয়ে বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম একটি সেমিনারের আয়োজন করেছে। পাশাপাশি ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, কৃষি আবাদের জন্য বাঘা উপজেলার মাটি অত্যন্ত উর্বর। এ অঞ্চলের কৃষকেরাও বেশ পরিশ্রমী। সারা দেশে বাঘা উপজেলার গুড়ের সুনাম রয়েছে। এ সুনাম অক্ষুণ্ণ রাখতে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। কৃষিকাজে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত উপজেলা কৃষি অফিসে যোগাযোগের জন্যও তিনি কৃষকদের অনুরোধ জানান।

সব মিলিয়ে বাঘার গ্রামীণ জনপদে এখন খেজুরের রস ও গুড়ের মৌসুম ঘিরে চলছে নানা প্রস্তুতি। গাছিদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার পর্যাপ্ত রস পাওয়া যাবে। সেই রস থেকে তৈরি হবে মানসম্মত খাঁটি খেজুরের গুড় ও পাটালি, যা সমৃদ্ধ করবে স্থানীয় ঐতিহ্য ও অর্থনীতিকে।