

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালীগঞ্জ শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুরে তুষভান্ডার বাজারের আশরাফী মার্কেটের তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম।
অনুষ্ঠানে আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেলস ফোর্স, বীমা গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার প্রতি মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস পুনঃস্থাপনে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করছে।
প্রধান অতিথি শাহ সগিরুল ইসলাম বলেন, “বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। আস্থা লাইফ সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় কাজ চালিয়ে যাচ্ছে।”
উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২০ সালের সেপ্টেম্বরে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে এবং স্বচ্ছতা, প্রতিশ্রুতি রক্ষা ও দাবি নিষ্পত্তিতে উঁচুমানের দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনার মতামত লিখুন :