

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার বর্ধিত সময় দেওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় রোববার (৪ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগে যাচাই-বাছাইয়ের সময় মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের প্রমাণ জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র রোববার অবৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিলের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ২০০–২৫০ জন জামায়াতের নেতা-কর্মী ও সমর্থক বিক্ষোভ দেখান। এই সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত নেতাকর্মীদের সাথে প্রশাসনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে আপিলের সুযোগ রয়েছে বলে জানানো হয়।
জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক তাকে কাগজপত্র সরবরাহের জন্য ডেকেছিলেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার যথাযথ সুযোগ না দিয়েই মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি বলেন, এটি চাপের মুখে বা বিশেষ কোনো এজেন্ডার অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, দাখিলকৃত মনোনয়নপত্রে অসংগতি থাকায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রার্থী চাইলে নির্ধারিত সময়ে আপিল করতে পারবেন।
আপনার মতামত লিখুন :