ঝিনাইদহে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-২৪, ৩:১৩ PM / ০
ঝিনাইদহে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

জাহিদুল হক বাবু, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জাকিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া ওই গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যদের দাবি, রাস্তা পার হওয়ার সময় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক মাসুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন তাঁরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।