কুড়িগ্রামে পরীক্ষায় অনিয়মে দলীয় নেতা বহিষ্কার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-০৯, ৭:১৮ PM /
কুড়িগ্রামে পরীক্ষায় অনিয়মে দলীয় নেতা বহিষ্কার

আতিকুর রহমান | কুড়িগ্রাম প্রতিনিধি-

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত অনুযায়ী মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্তে অনুমোদন দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরমান হোসেন ও সদস্যসচিব ইদ্রিস আলী।

এর আগে একই দিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে প্রশ্নপত্র সংগ্রহ ও পরীক্ষার প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ মিনারুল ইসলামসহ মোট ১১ জনকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন—নাগেশ্বরী পৌরসভার মো. বেলাল হোসেন (৩৮), রায়গঞ্জ ইউনিয়নের মো. আনোয়ার হোসেন (২৮), বেরুবাড়ী ইউনিয়নের মো. শাহজামাল (২৭), কাজীপাড়া এলাকার মো. বাবু ইসলাম (৩২), বাগডাঙ্গা এলাকার জান্নাতুল নাঈম মিতু (২৬), রামখানা ইউনিয়নের মো. আব্দুল লতিফ (৫২), ফুলবাড়ী উপজেলার মো. শরিফুজ্জামান সিদ্দিকী (৪০), মাদারীপুর জেলার মো. হিমেল মাহমুদ (২৮), রাজৈর উপজেলার চামেলী আক্তার (২৯) ও ঝালকাঠি জেলার মো. মাহবুব খান (৩৫)।

এ বিষয়ে অভিযুক্ত মিনারুল ইসলাম পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।